জেলের চার দেয়াল জুড়ে বন্দি প্রেম, ইতিহাস গড়ে বিয়ে করলেন দুই খুনি!
রাজস্থান হাইকোর্টের এক ঐতিহাসিক নির্দেশে যোধপুরের মানদোর ওপেন জেলের অন্দরে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন দুই যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বন্দি মূলারাম ও সীমা। আগামী ২২ জুলাই জেল প্রশাসনের কড়া নজরদারিতে তাদের এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। খুনের দায়ে সাজাপ্রাপ্ত ৩৩ বছর বয়সী মূলারাম এবং ৩১ বছর বয়সী সীমা যোধপুরের ওপেন জেলে কৃষি খামারে কাজ করার সময় একে অপরের সংস্পর্শে আসেন এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
বিচারপতি ড. পুষ্পেন্দ্র সিং ভাটি এবং বিচারপতি প্রবীর ভটনাগরের বেঞ্চ এই বিয়ের অনুমতি দিয়ে জানিয়েছে যে, জেল ব্যবস্থার লক্ষ্য কেবল শাস্তি দেওয়া নয়, বরং অপরাধীদের সংশোধন করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা। সামাজিক সম্পর্ক স্থাপন এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার সুধরাত্মক বিচারব্যবস্থার অংশ বলে আদালত মনে করে। সীমার ৪০ দিনের প্যারোল চলাকালীন এই বিয়ের আয়োজন চূড়ান্ত হয়েছে এবং এতে সরকারি পক্ষ কোনো আপত্তি জানায়নি। উল্লেখ্য, এই বিয়েতে সীমার এক বান্ধবীর বাবা ‘কন্যাদান’ করবেন এবং আমন্ত্রনপত্রে তারই নাম লিপিবদ্ধ করা হয়েছে।