শিলিগুড়ি-সিকিম যোগাযোগ বিচ্ছিন্ন! জেনে নিন গ্যাংটক-ছাঙ্গু যাওয়ার বিকল্প পথ
টানা বৃষ্টি ও ধসের কারণে সিকিমের যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে ১০ নম্বর জাতীয় সড়কের ২০ মাইল এলাকায় ধস নামায় শিলিগুড়ি থেকে সিকিম যাতায়াতের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে পর্যটক ও নিত্যযাত্রীদের সুবিধার জন্য সিকিম পুলিশের পক্ষ থেকে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে শিলিগুড়ি ও রংপোর মাঝামাঝি এই রুটে যাতায়াতের জন্য সাওহিনে হয়ে চেওরিবোটাই, দুগা এবং রংপো দিয়ে যানবাহন চলাচল করছে।
পাহাড়ের বিভিন্ন জেলার রাস্তার পরিস্থিতি ভিন্ন ভিন্ন। গ্যাংটক জেলার সব রাস্তা এখন চলাচলের উপযোগী এবং মঙ্গন থেকে গ্যাংটক যাওয়ার পথ ছোট গাড়ির জন্য খোলা রয়েছে। উত্তর সিকিমের লাচুং ও জিরো পয়েন্ট যাওয়ার পথ পরিষ্কার থাকলেও চুংথাং থেকে লাচেন যাওয়ার রাস্তা বন্ধ রয়েছে। অন্যদিকে, নামচি, গ্যালশিং ও সোরেং জেলার কিছু নির্দিষ্ট অভ্যন্তরীণ সড়ক ধস ও মেরামতির কাজের জন্য বন্ধ রাখা হয়েছে। বর্ষার মরশুমে পাহাড়ের আবহাওয়া ও সড়ক পরিস্থিতির ওপর নজর রেখে এবং নিয়মিত আপডেট জেনে তবেই যাত্রা করার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।