মিড-ডে মিলের দায়িত্বে এবার ইসকন, রথের দিনই বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী!
গোটা রাজ্যের সরকারি স্কুলগুলিতে মিড-ডে মিল সরবরাহের দায়িত্ব পেতে চলেছে ইসকন (ISKCON)। বৃহস্পতিবার মেচেদায় ইসকনের রথযাত্রার অনুষ্ঠানে যোগ দিয়ে এই বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের সঙ্গে গৃহীত প্রাথমিক চুক্তি অনুযায়ী, আগামী ১ আগস্ট থেকে কলকাতায় এই পরিষেবা চালু হবে। এরপর ধাপে ধাপে নদিয়াসহ রাজ্যের সমস্ত জেলায় স্কুল পড়ুয়াদের কাছে ইসকনের রান্না করা খাবার পৌঁছে দেওয়া হবে।
ইসকনের রান্নাঘরে সম্পূর্ণ নিরামিষ খাবার তৈরি হওয়ায় স্কুলগুলোর মিড-ডে মিলের মেনু থেকে ডিম ও মাংস বাদ দেওয়া হচ্ছে। তবে পুষ্টির দিকে বিশেষ নজর রেখে নতুন মেনুতে ভাত-ডাল, মরশুমি সবজি, সয়াবিন, রাজমা ও পনির রাখা হয়েছে। ডায়েটেশিয়ানের পরামর্শ অনুযায়ী খাবারে প্রোটিন ও ভিটামিনের মাত্রা নির্ধারণ করা হবে। ‘অক্ষয় পাত্র’ প্রকল্পের আওতায় আধুনিক ও স্বয়ংক্রিয় মেগা কিচেনে এই সমস্ত খাবার তৈরি করা হবে। আধুনিক মেশিনের সাহায্যে প্রস্তুত এই গরম ও স্বাস্থ্যকর খাবার বিশেষ স্টিলের কন্টেনারে করে সরাসরি স্কুলগুলিতে পাঠানো হবে।