দিনে পুলিশের উর্দি, রাতে গ্যাংস্টার! ২ কোটি টাকার তোলাবাজিতে গ্রেপ্তার হেড কনস্টেবল!
কুখ্যাত টিল্লু তাজপুরিয়া গ্যাংয়ের সঙ্গে গোপন আঁতাত এবং এক ব্যবসায়ীর কাছ থেকে ২ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে দিল্লি পুলিশের রিজার্ভ ব্যাটালিয়নের হেড কনস্টেবল পবন কুমার ওরফে মাক্কি গ্রেপ্তার হয়েছেন। পুলিশের এই কর্মকর্তার গ্যাংস্টার-যোগের ঘটনায় রাজধানীর নিরাপত্তা মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযুক্ত পবনের বিরুদ্ধে হরিয়ানাতেও চাঁদাবাজির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযোগ অনুযায়ী, জমি কেনার জন্য পবন কুমারের কাছ থেকে ৫০ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন এক ব্যবসায়ী। সেই টাকা সুদাসলে ফেরত দেওয়া সত্ত্বেও পবন জমিটির ক্রমবর্ধমান দামকে পুঁজি করে ওই ব্যবসায়ীর কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে প্রাণনাশের হুমকির পাশাপাশি গত ১ জুন পবন ৫ সশস্ত্র সহযোগীকে নিয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা চালান এবং তাঁর পরিবারকে খুনের হুমকি দেন। এছাড়া জেলে বন্দি গ্যাংস্টার জিতেন্দ্রর সাথে ফোনে কথা বলিয়ে ব্যবসায়ীকে মানসিক চাপের মুখে ফেলা হয়। সিসিটিভি ফুটেজ, কল রেকর্ড ও প্রযুক্তিগত প্রমাণের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। তদন্তে উঠে এসেছে, এই চাঁদাবাজির অর্থ তিহার জেলে বন্দি অমিত ওরফে দাবাং এবং বিদেশে পলাতক হিম্মত ওরফে চিকির আইনি লড়াইয়ের খরচ মেটানোর জন্য সংগ্রহ করা হচ্ছিল।