প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে নৃশংস খুন, মন্দিরে যাওয়ার পথে ঘটল মর্মান্তিক ঘটনা!
অন্ধ্রপ্রদেশের চিত্তুরে পরকীয়ার জেরে স্বামীকে নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এক বছরের শিশুকন্যার সামনেই নিজের স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী হাসিনী, তার প্রেমিক যুগন্ধর এবং তাদের দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, পরিকল্পিতভাবে মন্দিরে পুজোর নাম করে স্বামীকে নির্জন স্থানে নিয়ে গিয়ে প্রেমিকের সহায়তায় হত্যা করা হয়।
তদন্তে নেমে পুলিশ জানায়, তামিলনাড়ুর সুলাগিরির বাসিন্দা রমেশকে সরানোর জন্য স্ত্রী হাসিনী ও তার প্রেমিক যুগন্ধর আগে থেকেই ছক কষেছিল। মন্দিরে যাওয়ার পথে হাসিনী নিয়মিত প্রেমিকের কাছে নিজের ‘লাইভ লোকেশন’ পাঠাচ্ছিল। পাহাড়ি রাস্তায় একটি ব্যাগ ফেলার টোপ দিয়ে রমেশকে বাইক থেকে নামিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে ঘাতকরা। পরে সিসিটিভি ফুটেজ, কল রেকর্ড ও ডিজিটাল প্রমাণের সূত্র ধরে পুলিশ জঙ্গল থেকে মৃতদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত চারজনকে গ্রেফতার করে।