মালদায় তৃণমূল কাউন্সিলরকে গণধোলাই! কাটমানি ও দুর্নীতির অভিযোগে ধুন্ধুমার কাণ্ড
পুরসভার দোকান বিলিতে দুর্নীতি ও কাটমানি আদায়ের অভিযোগে মালদার ইংরেজবাজারের ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক সাহাকে প্রকাশ্য রাস্তায় ঘিরে ধরে মারধরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে ইংরেজবাজার শহরের নেতাজি মোড় এলাকায় একদল ক্ষিপ্ত জনতা, যাদের অধিকাংশই ছিলেন স্থানীয় মহিলা ব্যবসায়ী, কাউন্সিলরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান ও মারধর করেন। জানা গেছে, আদালত থেকে জামিন নিয়ে ফেরার পথে তিনি জনতার রোষের মুখে পড়েন।
স্থানীয়দের অভিযোগ, হকার্স কর্নার মার্কেটে ১০০টির বেশি দোকান বিলির সময় কাউন্সিলার বিপুল পরিমাণ কাটমানি আত্মসাৎ করেছেন। এছাড়াও এলাকার প্রাচীন মন্দিরের প্রণামীর লক্ষাধিক টাকা তছরুপ এবং প্রতিবাদী ব্যবসায়ীদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। যদিও অশোক সাহা তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, একটি গোষ্ঠী তাঁর কাছ থেকে টাকা আদায়ের উদ্দেশ্যেই চক্রান্ত করে তাঁকে হেনস্থা করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ জমা পড়লে আইনানুগ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ।