অন্নপূর্ণার টাকা পাননি? জেনে নিন কবে অ্যাকাউন্টে ঢুকবে আপনার প্রাপ্য অর্থ!
রাজ্যে ‘অন্নপূর্ণা যোজনা’-র মাধ্যমে ইতিমধ্যে এক কোটির বেশি মহিলা মাসিক ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। তবে অনেক আবেদনকারীর স্ট্যাটাস বর্তমানে ‘আন্ডার ইনকোয়ারি’ বা তদন্তাধীন থাকায় ভেরিফিকেশন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই প্রসঙ্গে রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী মালতি রাভা রায় জানিয়েছেন, স্বচ্ছতা বজায় রাখতে এবং ভুল সংশোধনের জন্যই এই প্রক্রিয়ায় কিছুটা সময় লাগছে। মন্ত্রী আরও জানিয়েছেন, প্রকৃত যোগ্য কোনো আবেদনকারী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন না।
অনিয়ম রুখতে সরকার কড়া অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি জানান, ফর্ম পূরণে ভুল থাকা কিংবা দুবার আবেদন করার মতো ত্রুটিগুলো সংশোধনের কাজ চলছে। তবে যারা ভুল তথ্য দিয়ে আবেদন করেছেন, স্ক্রুটিনিতে অনিয়ম ধরা পড়লে তাদের আবেদন সরাসরি বাতিল হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত ১ জুলাই আবেদনের স্ট্যাটাস নিয়ে বিতর্কের জেরে সরকার পুনরায় যাচাইয়ের সিদ্ধান্ত নেয়, যার অংশ হিসেবে বর্তমানে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের কাজ করছেন আধিকারিকরা। আবেদনকারীদের ধৈর্য ধরে বৈধ নথিপত্র প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে এবং যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলেই যোগ্যদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে।