গঙ্গাসাগর কি এবার জাতীয় মেলার তকমা পেতে চলেছে!
গঙ্গাসাগর মেলাকে ‘জাতীয় মেলা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে সরাসরি কেন্দ্রের দ্বারস্থ হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মকর সংক্রান্তিতে এই তীর্থক্ষেত্রে দেশ-বিদেশের লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম এবং এর ঐতিহ্য ও লোকসংস্কৃতির গুরুত্ব বিবেচনা করে রাজ্যের পক্ষ থেকে সংস্কৃতি মন্ত্রকের কাছে এই মর্যাদা প্রদানের আবেদন জানানো হয়েছে। এর পাশাপাশি, গঙ্গাসাগরকে বিশ্বমানের ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যেও কেন্দ্রকে বিশেষ প্রস্তাব দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের ‘প্রসাদ’ (PRASHAD) প্রকল্পের আওতায় এনে গঙ্গাসাগরের আধুনিকীকরণের আর্জিও জানিয়েছে নবান্ন। এই পরিকল্পনার আওতায় উন্নত যাত্রী স্বাচ্ছন্দ্য, পরিবেশবান্ধব পরিকাঠামো, স্মার্ট ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং নদীতীরের সৌন্দর্যায়নের জন্য আর্থিক সহায়তা চাওয়া হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে এ বিষয়ে একটি বিস্তারিত প্রকল্প রিপোর্ট (ডিপিআর) তৈরির প্রস্তাবও ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে।