সিন্ডিকেটরাজ অতীত, বাংলায় শিল্পের জোয়ার! বিপুল কর্মসংস্থানের দিশা
ক্ষমতায় আসার দুই মাসের মধ্যেই রাজ্যে শিল্পায়নের গতি বাড়াতে ডানকুনির পর এবার বাঁকুড়ার মেজিয়ায় নতুন উৎপাদন ইউনিট স্থাপন করতে চলেছে শ্যাম স্টিল। শুক্রবার এই মেগা প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, রাজ্যের পূর্তমন্ত্রী অজয়কুমার পোদ্দার এবং শ্যাম স্টিল কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তারা।
শ্যাম স্টিল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কারখানাটি পূর্ণমাত্রায় চালু হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত ১০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি, এই প্রকল্পকে কেন্দ্র করে বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে ওঠার সুযোগ তৈরি হবে, যা জঙ্গলমহলসহ সংলগ্ন পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে। শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করতে রাজ্য সরকার ও বিজেপির রাজ্য সভাপতি স্পষ্ট জানিয়েছেন, শিল্প স্থাপনে কোনো ধরনের ‘তোলাবাজি’ বা ‘সিন্ডিকেটরাজ’ সহ্য করা হবে না। প্রশাসনের দাবি, রাজ্যের বর্তমান পরিস্থিতি বিনিয়োগের অনুকূলে রয়েছে এবং আগামী এক বছরের মধ্যে বাংলার শিল্পচিত্রে বড় ধরনের পরিবর্তন আসবে।