পাপারাৎজিদের ওপর চড়াও মৌনী রায়, ডিলিট করলেন নিজের পোস্টই!
ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের খবরের মাঝেই এবার মেজাজ হারালেন বলিউড অভিনেত্রী মৌনী রায়। বন্ধুদের সাথে নৈশভোজ সেরে বেরোনোর সময় পাপারাৎজিদের ক্যামেরার সামনে অস্বস্তিতে পড়ে তাদের ছবি তুলতে নিষেধ করেন তিনি। মুম্বাইয়ের এক রেস্তোরাঁ থেকে বেরোনোর সময় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ‘নাগিন’ খ্যাত এই অভিনেত্রী ক্যামেরা থেকে মুখ ঢাকার চেষ্টা করছেন এবং বারবার ছবি তোলা বন্ধ করতে বলছেন। এসময় তাঁর সঙ্গে থাকা অর্জুন বিজলানি এবং অনুশা দান্ডেকর পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।
ঘটনার পর ইনস্টাগ্রাম স্টোরিতে এক বার্তায় মৌনী লেখেন, তিনি পাপারাৎজিদের সম্মান করেন, তবে গত বেশ কিছুদিন ধরে তাঁদের ছবি তোলার জন্য নিজে ডাকেননি, তাই তাঁকে যেন অনুসরণ না করা হয়। যদিও বিতর্ক এড়াতে পোস্টটি করার কিছুক্ষণ পরই তিনি তা মুছে ফেলেন। সম্প্রতি স্বামী সুরজ নাম্বিয়ারের সাথে অভিনেত্রীর বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে, যা নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে নানা চর্চা। অনেকেই মনে করছেন, ব্যক্তিগত জীবনের মানসিক চাপের কারণেই ক্যামেরার সামনে এমন প্রতিক্রিয়া দেখিয়েছেন অভিনেত্রী।