‘সেবাশ্রয়’ শিবিরে পুলিশি হানা, বেআইনি কাজের অভিযোগে তোলপাড়!

ডায়মন্ড হারবার ও বজবজে বেসরকারি নার্সিংহোমে পুলিশের মেগা তল্লাশি, বাজেয়াপ্ত একাধিক মেশিন

‘সেবাশ্রয়’ প্রকল্পে চিকিৎসা সংক্রান্ত চরম গাফিলতি ও বেআইনি কাজের অভিযোগে শুক্রবার ডায়মন্ড হারবার ও বজবজ এলাকার একাধিক বেসরকারি নার্সিংহোমে আচমকা অভিযান চালিয়েছে পুলিশ। বিষ্ণুপুরের এসডিপিও-র নেতৃত্বাধীন বিশাল পুলিশ বাহিনী এই তল্লাশিতে স্বাস্থ্য পরীক্ষার কাজে ব্যবহৃত বেশ কয়েকটি এক্স-রে এবং ইউএসজি মেশিন বাজেয়াপ্ত করেছে। গত ৩ জুলাই বিজেপির এক নেতার দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতেই প্রশাসনের এই পদক্ষেপ। অভিযোগে দাবি করা হয়েছিল যে, সেবাশ্রয় শিবিরে ব্যবহৃত ওই মেশিনগুলোর কোনো বৈধ লাইসেন্স বা স্বাস্থ্য দপ্তরের অনুমোদন নেই।

তল্লাশি অভিযানে নার্সিংহোমগুলোর মেশিনের লাইসেন্স, রোগীর রেকর্ড ও আর্থিক লেনদেনের কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে যে, বাজেয়াপ্ত মেশিনগুলো সেবাশ্রয় শিবিরে ব্যবহার করা হয়েছিল। এখন নার্সিংহোম কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে, কার নির্দেশে ও কীসের ভিত্তিতে সরকারি অনুমতি ছাড়া এই মেশিনগুলো শিবিরে পাঠানো হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর শুরু হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনে আগামী দিনে আরও নার্সিংহোমে অভিযান চালানো হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *