ভোটার তালিকায় নাম নেই? নাগরিকত্ব বাতিল হচ্ছে না, স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট!
ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অর্থ এই নয় যে সংশ্লিষ্ট ব্যক্তি রাতারাতি দেশের নাগরিকত্ব হারিয়েছেন। শুক্রবার এক গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এই পর্যবেক্ষণ দিয়েছে। আদালত স্পষ্ট জানিয়েছে, তালিকা থেকে কারো নাম বাদ পড়লেই নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয় না। এই পরিস্থিতিতে ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের নাগরিকত্বের বিষয়টি পর্যালোচনার জন্য নির্বাচন কমিশনকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বা সংশ্লিষ্ট সরকারি দফতরের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার জেরে প্রায় ৩৪ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। এই সিদ্ধান্তের ফলে প্রভাবিত ব্যক্তিরা রাজ্যের ভর্তুকিযুক্ত রেশন, আর্থিক অনুদানসহ বিভিন্ন জনকল্যাণমূলক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে আদালতে জানানো হয়। ডিসেম্বরে পুরসভা নির্বাচন থাকায় বাতিল হওয়া ভোটারদের আপিল দ্রুত নিষ্পত্তির দাবি জানানো হয়েছে। পাশাপাশি, আপিল ট্রাইব্যুনালের সংখ্যা ১৯ থেকে বাড়িয়ে ৪২ করার আর্জিও রাখা হয়েছে। আগামী মাসে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে করা অন্যান্য মামলার সঙ্গেই এই আবেদনটির পরবর্তী শুনানি হবে।