জানলে অবাক হবেন, সালমানকে নিয়ে কী বললেন পরেশ রাওয়াল!
বলিউড অভিনেতা সালমান খানের অপেশাদারিত্ব নিয়ে প্রচলিত সব গুঞ্জন উড়িয়ে দিয়ে তাঁর ভূয়সী প্রশংসা করেছেন প্রবীণ অভিনেতা পরেশ রাওয়াল। তিনি দাবি করেছেন, সালমান অত্যন্ত বড় মনের মানুষ এবং সহকর্মীদের সমস্যার কথা ভাবেন। পরেশ রাওয়াল জানান, একাধিক ছবিতে একসঙ্গে কাজ করলেও সালমানের কাছ থেকে তিনি কখনো কোনো অপেশাদারিত্বের অভিজ্ঞতা পাননি, বরং কোনো কারণে কারো ক্ষতি হলে সালমান তা দ্বিগুণভাবে পুষিয়ে দেওয়ার চেষ্টা করেন।
সালমান খানের পাশাপাশি তাঁর বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খানের সঙ্গে সুসম্পর্কের কথাও তুলে ধরেন পরেশ। ক্যারিয়ারের শুরুতে সেলিম খানের দেওয়া ‘না’ বলতে শেখার উপদেশ তাঁর জীবন ও অভিনয়ের মোড় ঘুরিয়ে দিয়েছিল বলে জানান তিনি। এছাড়া গভীর রাতে না জানিয়ে সেলিম খানের বাড়িতে গিয়ে আতিথেয়তা পাওয়ার এক স্মৃতিচারণ করে পরেশ বলেন, পর্দার বাইরে সালমান ও তাঁর পুরো পরিবার সম্পর্ককে চরম গুরুত্ব দিয়ে থাকেন।