আবার ট্রেনে আগুন আতঙ্ক, কামরূপ এক্সপ্রেসে দাউদাউ ধোঁয়ায় হুড়োহুড়ি!

ব্যান্ডেল-কাটোয়া শাখার সমুদ্রগড় স্টেশনে শুক্রবার রাতে আপ কামরূপ এক্সপ্রেসে আগুন-আতঙ্ক ছড়িয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ ট্রেনটি সমুদ্রগড় স্টেশন পার হওয়ার সময় একটি কামরার নিচ থেকে প্রবল ধোঁয়া বের হতে দেখেন রেল পুলিশের কর্মীরা। দ্রুত চালককে সতর্ক করা হলে তিনি ট্রেনটি থামিয়ে দেন। এই ঘটনায় প্ল্যাটফর্ম ধোঁয়ায় ঢেকে গেলে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে পড়েন।

ঘটনার খবর পেয়েই রেলের টেকনিক্যাল কর্মী, আধিকারিক এবং রেল পুলিশের জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রায় আধ ঘণ্টা ধরে ট্রেনটিতে তল্লাশি ও প্রয়োজনীয় মেরামতির কাজ চলে। পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। উল্লেখ্য, এর আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের ইঞ্জিনের পিছনের কামরায় আগুন ও ধোঁয়া দেখা গিয়েছিল। পরপর দুদিন ট্রেনে এমন ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলেও, পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, তার কাছে এ ধরনের কোনো খবর নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *