কলকাতা এবার প্রযুক্তির শীর্ষে, শহরে পথচলা শুরু করল গুগলের জেমিনি এআই হাব!
গুগল ক্লাউড এবং টাটা কনসালটেন্সি সার্ভিসেসের (টিসিএস) যৌথ উদ্যোগে কলকাতায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘জেমিনি এক্সপেরিয়েন্স সেন্টার’ (GEC)। বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্যবসায়িক জটিলতা নিরসন এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই অত্যাধুনিক সেন্টারটি স্থাপন করা হয়েছে। চেন্নাই ও বেঙ্গালুরুর পর ভারতে টিসিএস-এর তৃতীয় এই সেন্টারটি কলকাতার বাণিজ্যে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
এই সেন্টারে টিসিএস-এর ‘হিউম্যান+ এআই’ (Human+ AI) অটোনমি মডেল এবং গুগলের ‘জেমিনি’ মডেলের সমন্বয়ে কনজিউমার গুডস, ট্রাভেল, হসপিটালিটি এবং রিটেল সেক্টরের প্রতিষ্ঠানগুলোকে বিশেষ সেবা প্রদান করা হবে। এর মাধ্যমে স্টোর অপারেশন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ওমনি চ্যানেল রিটেল এবং কাস্টমার সার্ভিস ও এইচআর সংক্রান্ত কার্যক্রম আরও নিখুঁত ও দ্রুত করার সুযোগ তৈরি হয়েছে। গুগল ক্লাউড ইন্ডিয়া এবং টিসিএস কর্তৃপক্ষ জানিয়েছে, এই সেন্টারের মাধ্যমে বিভিন্ন সংস্থা খুব সহজেই ‘অ্যাজেন্টিক এআই’ (Agentic AI) প্রযুক্তি ব্যবহার করে উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচন করতে পারবে।