অবশেষে বন্দে মাতরম অবমাননায় ৩ বছরের জেল! সংসদে নয়া বিল আনছে মোদী সরকার

জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এবং সংবিধানের মতো ‘বন্দে মাতরম’-কেও আইনি সুরক্ষা দিতে তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী সংসদীয় বাদল অধিবেশনে ‘জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ (সংশোধনী) বিল’ নামে একটি প্রস্তাব উত্থাপন করতে চলেছে মোদী সরকার। এই বিল পাস হলে ‘বন্দে মাতরম’ গাওয়ায় বাধা প্রদান বা এই গানের অবমাননা করা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানার বিধান রাখা হয়েছে, যা ১৯৭১ সালের বিদ্যমান আইনের আদলে কার্যকর করা হবে।

ইতিমধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই রচনার সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রক সব রাজ্যের মুখ্য সচিবদের কাছে নির্দেশিকা পাঠিয়েছে। এতে সরকারি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের পাশাপাশি ‘বন্দে মাতরম’ গাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার এবং গানের সম্পূর্ণ ছয়টি স্তবক বা প্রায় তিন মিনিট দশ সেকেন্ড সময় নিয়ে গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এদিকে, এই বিল ও নির্দেশিকাকে কেন্দ্র করে বিজেপি ও কংগ্রেসের মধ্যে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। ১৯৩৭ সালে নেহেরুর নেতৃত্বে কংগ্রেসের ‘বন্দে মাতরম’-এর প্রথম দুটি স্তবক গাওয়ার সিদ্ধান্তের সূত্র ধরে দল দুটির মধ্যে শুরু হয়েছে দোষারোপের পালা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *