অনুমতি ছাড়া খাওয়ানো যাবে না! সোনমকে হাসপাতালে তুলতেই স্ত্রীর কড়া হুঁশিয়ারি
যন্তর মন্তরে অনশনের ২১তম দিনে সমাজকর্মী সোনম ওয়াংচুককে শনিবার সকালে জোর করে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেছে দিল্লি পুলিশ। এই ঘটনার পর তাঁর পরিবর্তে আমরণ অনশনে বসার ঘোষণা দিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। অভিজিৎ জানিয়েছেন, পুলিশের পদক্ষেপে আন্দোলন স্তিমিত হবে না এবং আগামী ২০ অক্টোবর নির্ধারিত সংসদ অভিযান কর্মসূচি অব্যাহত থাকবে।
সোনম ওয়াংচুককে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর স্ত্রী গীতাঞ্জলী জে আংমো সাফ জানিয়েছেন, তাঁর এবং সোনমের চিকিৎসকদের অনুমতি ছাড়া জোর করে কোনো খাবার খাওয়ানো যাবে না। তাঁর দাবি, শুক্রবার সোনমের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকা সত্ত্বেও তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়াটা সংবিধানের ৩২ নম্বর ধারার পরিপন্থী। অন্যদিকে, দিল্লি পুলিশের দাবি, হাইকোর্টের নির্দেশ মেনেই চিকিৎসার প্রয়োজনে সোনমকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং কোনো বলপ্রয়োগ করা হয়নি। উল্লেখ্য, অনশনের জেরে সোনমের শরীরের ২০ শতাংশ ওজন কমে গিয়েছিল।