ভারতে আসছে প্লাস্টিকের নোট, চিন-পাকিস্তানকে কড়া বার্তা RBI-এর!

ভারতের বাজারে কাগজের নোটের পরিবর্তে প্লাস্টিক বা পলিমার নোট চালুর লক্ষ্যে বড় পদক্ষেপ নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। দেশটির নোট মুদ্রণকারী সংস্থা ‘ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড’ (BRBNMPL) সুরক্ষিত পলিমার শিট সরবরাহের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে। যে কোম্পানিগুলোর অন্তত তিন বছর কেন্দ্রীয় ব্যাঙ্ক বা নোট মুদ্রণকারী সংস্থাকে পলিমার উপাদান সরবরাহের অভিজ্ঞতা রয়েছে, তারাই এই প্রক্রিয়ায় অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবে। তবে আবেদনকারী সংস্থাগুলোকে ভারত সরকারের কাছ থেকে বাধ্যতামূলকভাবে নিরাপত্তা ছাড়পত্র নিতে হবে।

জাতীয় নিরাপত্তার খাতিরে রিজার্ভ ব্যাঙ্ক এই দরপত্রে বেশ কিছু কঠোর শর্ত আরোপ করেছে। নতুন নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, নোটে ব্যবহৃত কোনো উপাদানই চীন বা পাকিস্তান থেকে সংগ্রহ করা যাবে না। পাশাপাশি, ভারতের জন্য তৈরি পলিমার উপাদান অন্য কোনো দেশে বিক্রির ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আধুনিক সুরক্ষা বৈশিষ্ট্যসম্পন্ন এই নোট ব্যবহারের ফলে জাল নোটের কারবার রোধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। যদিও নতুন এই নোট কবে নাগাদ বাজারে আসবে বা কোন কোন মূল্যের নোট প্লাস্টিকে ছাপা হবে, সে বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের তরফে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *