ইরানে ভয়াবহ হামলার ছক, ইজরায়েলে বিশেষ বিমান পাঠাচ্ছেন ট্রাম্প?
ইরানের ওপর সামরিক অভিযানের মাত্রা আরও বাড়ানোর লক্ষ্যে ইজরায়েলে অতিরিক্ত ‘এরিয়াল রিফুয়েলিং’ বা মাঝ-আকাশে জ্বালানি ভরতে সক্ষম বিমান পাঠানোর পরিকল্পনা করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’-এর প্রতিবেদন অনুযায়ী, এই অভিযানের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট নিজে। এ বিষয়ে ইজরায়েলের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে মার্কিন প্রশাসন এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সম্মতির অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন। নতুন এই বিমান মোতায়েন করা সম্ভব হলে মার্কিন যুদ্ধবিমানগুলো ইরানের গভীরে অবস্থিত সামরিক স্থাপনাগুলোতে সহজেই হামলা চালাতে সক্ষম হবে।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে টানা সাত দিন ধরে দেশটিতে বিমান হামলা চালাচ্ছে মার্কিন সেনাবাহিনী। সর্বশেষ গত শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টায় (ভারতীয় সময় শনিবার রাত ১২টা ৩০ মিনিট) ইরানের ওপর নতুন করে বিমান হামলা চালানো হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে আমেরিকার পরবর্তী লক্ষ্য হতে পারে ইরানের বিদ্যুৎকেন্দ্র এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পারমাণবিক ঘাঁটি। বর্তমানে তেল আভিভ ও দক্ষিণ ইজরায়েলের বিমানবন্দরগুলো থেকে প্রায় ৩০টি মার্কিন জ্বালানিবাহী বিমান পরিচালিত হচ্ছে।