পোস্ট অফিসের নিয়মে বড় বদল! বুকিং বাতিল করলেই হাতে পাবেন টাকা ফেরত
ইন্ডিয়া পোস্টের গ্রাহকদের জন্য স্বস্তির খবর নিয়ে এল ডাক বিভাগ। ১৬ জুলাই এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে পোস্ট অফিসে বুক করা যেকোনো পার্সেল বা চিঠি বাতিল করলে গ্রাহকরা রিফান্ড বা অর্থ ফেরত পাবেন। অনলাইন পোর্টাল, মোবাইল অ্যাপ অথবা সশরীরে কাউন্টারে গিয়ে বুকিং বাতিল করা হলে এই নিয়ম কার্যকর হবে। তবে রিফান্ড পাওয়ার ক্ষেত্রে ডাক বিভাগ কিছু নির্দিষ্ট শর্ত আরোপ করেছে।
অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে পার্সেল বা চিঠি পোস্ট অফিসে জমা দেওয়ার আগেই তা বাতিল করতে হবে। কাউন্টারে বুক করা আইটেমের ক্ষেত্রে গ্রাহককে সরাসরি পোস্ট অফিসে গিয়ে আবেদন জানাতে হবে, তবে তথ্যগত ভুল থাকলে ডাক বিভাগ নিজেই বুকিং বাতিল করতে পারে। এছাড়া, ডাক বিভাগের কোনো পরিষেবায় বিঘ্ন ঘটলে গ্রাহকরা ডাক মাশুলসহ এয়ার সারচার্জের অর্থ ফেরত পাবেন। পাশাপাশি, আন্তর্জাতিক বুকিংয়ের ক্ষেত্রেও নির্দিষ্ট কারণ দেখিয়ে পার্সেল প্রত্যাহার বা রিকল করার সুযোগ থাকছে। একইসঙ্গে, নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে পার্সেলের ঠিকানাও পরিবর্তন করা যাবে, তবে নতুন ঠিকানা একই ডেলিভারি এলাকার অন্তর্ভুক্ত হলে কোনো অতিরিক্ত ফি লাগবে না।