লাল সতর্কতা ও ভ্যাপসা গরম! আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?
নিম্নচাপ দুর্বল হওয়ায় শনিবার সকাল থেকেই কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভ্যাপসা গরম ও অস্বস্তি বৃদ্ধি পেয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমলেও, পরিস্থিতির সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা যাচ্ছে উত্তরবঙ্গে। সেখানে অতি ভারী বৃষ্টির কারণে জারি করা হয়েছে লাল সতর্কতা।
দক্ষিণবঙ্গে আজ কলকাতা, হাওড়া এবং দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকায় হলুদ সতর্কতা জারি রয়েছে। এছাড়া আগামী ২১ জুলাই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদীয়া জেলায় ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে শনি ও রবিবার তুমুল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা এবং দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির ফলে পাহাড়ি এলাকায় ধস এবং নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা থাকায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের বাড়তি সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।