ডিজিটাল জনগণনায় শামিল হোন, ত্রিপুরার ভবিষ্যৎ গড়তে বিশেষ আর্জি মুখ্যমন্ত্রীর!
দেশজুড়ে শুরু হওয়া ডিজিটাল জাতীয় জনগণনায় ত্রিপুরার নাগরিকদের সঠিক তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। শুক্রবার রাজ্যস্তরের এক পঞ্চায়েত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, দেশের ভবিষ্যৎ পরিকল্পনা ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের রূপরেখা তৈরির জন্য এই জনগণনার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বচ্ছভাবে ও নির্ভুল তথ্য প্রদানের মাধ্যমে এই প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য তিনি রাজ্যবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন।
অনুষ্ঠানে গ্রামীণ উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার প্রায় ৭৫ শতাংশ মানুষ গ্রামে বসবাস করেন, তাই গ্রামের উন্নয়ন ছাড়া রাজ্যের সার্বিক বিকাশ সম্ভব নয়। গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে ভালো পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ এদিন রাজ্যের ৫১টি পঞ্চায়েতকে পুরস্কৃত করা হয়েছে। সরকারি আধিকারিক ও কর্মীদের সম্মিলিত উদ্যোগ এবং সাধারণ মানুষের অংশগ্রহণে প্রতিটি পঞ্চায়েতকে ‘আদর্শ মডেল’ হিসেবে গড়ে তোলার ওপরও তিনি জোর দেন।