অফিস ভাঙতেই চরম হুঁশিয়ারি অভিষেকের, ৩১-এ সুদে-আসলে মেটানোর হুমকি!
আমতলায় নিজের পাঁচতলা পার্টি অফিসে বুলডোজার চালানোর ঘটনার পরিপ্রেক্ষিতে কড়া বার্তা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নিউটনের তৃতীয় সূত্রানুসারে প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে এবং ৩১ তারিখের মধ্যে তিনি সবকিছুর সুদসহ জবাব দেবেন। একইসঙ্গে তিনি স্পষ্ট জানান, কোনো রাজনৈতিক চাপ বা আক্রমণেই তিনি মাথা নোয়াতে রাজি নন।
দলত্যাগীদের তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, ইডি-সিবিআইয়ের ভয় দেখিয়ে তৃণমূল থেকে নেতাদের দলবদল করানো হচ্ছে। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জানান, দলত্যাগীদের মধ্যে কেউ যদি আজ বা কাল ফের তৃণমূলে ফিরে আসেন, তবে তিনি এক ঘণ্টার মধ্যে ইস্তফা দেবেন। এছাড়া ইডির সমন পেয়ে দলবদল করা নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো অন্যায় না করলে ইডি বা সিবিআই ডাকলে হাজিরা দেওয়া উচিত, ভয় পেয়ে দল পাল্টানোর কোনো প্রয়োজন নেই।