পাক অধিকৃত কাশ্মীরে গণহত্যা, প্রতিটি মৃত্যুর কড়া হিসেব চাইল রাষ্ট্রসংঘ!
পাক অধিকৃত কাশ্মীরে (PoK) সরকার বিরোধী আন্দোলন দমনে পাকিস্তানি সেনার নৃশংস ভূমিকার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে রাষ্ট্রসংঘ। বিক্ষোভ দমাতে গিয়ে হতাহতের ঘটনার পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ তদন্তের জন্য পাকিস্তান সরকারের কাছে দাবি জানিয়েছে সংস্থাটি। রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক জেনেভা থেকে এক বিবৃতিতে সেনা অভিযানে প্রতিটি মৃত্যুর সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন।
অস্বাভাবিক কর বৃদ্ধি, লাগামছাড়া মুদ্রাস্ফীতি এবং সরকারের দমনপীড়নের প্রতিবাদে ‘জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি’ (JAAC)-র নেতৃত্বে অঞ্চলটিতে বেশ কিছুদিন ধরে বিক্ষোভ চলছে। এই আন্দোলন দমাতে পাক রেঞ্জার্স ও পুলিশ বাহিনী চরম নৃশংসতার আশ্রয় নিয়েছে বলে অভিযোগ। এর পাশাপাশি, বিক্ষোভের নেতৃত্ব দেওয়া জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটিকে নিষিদ্ধ করার পাক সরকারের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে রাষ্ট্রসংঘ। সংস্থাটি জানিয়েছে, নাগরিক সমাজের কোনো সংগঠনকে এভাবে অপরাধী তকমা দেওয়া মৌলিক অধিকারের চরম লঙ্ঘন। অবিলম্বে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করা, ধৃত নেতাদের আইনি সহায়তা প্রদান এবং পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতের সুযোগ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।