দলত্যাগীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম, অভিষেকের হুঙ্কারে সরগরম রাজনীতি!
দলত্যাগীদের ফেরানোর প্রশ্নে ইস্তফার চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
বিধানসভা ভোটে দলের ফলাফলের পর তৃণমূল কংগ্রেসের অন্দরে তৈরি হওয়া অভ্যন্তরীণ ক্ষোভ ও দলত্যাগীদের বিষয়টিকে কেন্দ্র করে মুখ খুললেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার কালীঘাটের বাসভবনের সামনে দাঁড়িয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, তৃণমূল ছেড়ে যাওয়া কোনো নেতা যদি পুনরায় দলে ফিরে আসেন, তবে তিনি ২৪ ঘণ্টার মধ্যে নিজের পদ থেকে ইস্তফা দেবেন। দলত্যাগীদের কোনোভাবেই দলে ফিরিয়ে নেওয়া হবে না বলে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “এতদিনে কি ওদের সবার জনতার কথা মনে পড়ল?” তার এই মন্তব্যের প্রেক্ষিতে প্রবীণ তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও একই সুর তুলে জানিয়েছেন, দলত্যাগীদের ফেরানো হলে তিনি নিজেও দল ছাড়বেন।
পাশাপাশি, আমতলায় নিজের পার্টি অফিসে বুলডোজার চালানোর অভিযোগ নিয়েও সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এটিকে ‘মন্দিরের অবমাননা’ হিসেবে অভিহিত করে জানান, বৈধ নথিপত্রসহ এই ঘটনার বিরুদ্ধে তিনি হাইকোর্ট এবং প্রয়োজনে সুপ্রিম কোর্টে লড়াই করবেন। উল্লেখ্য, ভোটের পর থেকেই আই-প্যাক (I-PAC) সংক্রান্ত বিষয় নিয়ে দলের একাংশ অভিষেকের বিরুদ্ধে আসন বিক্রির অভিযোগ তুলে সরব হয়েছিলেন, যার পরিপ্রেক্ষিতে শনিবারের এদিনের মন্তব্যকে রাজনৈতিক বিশ্লেষকরা দলের ‘বিদ্রোহী’ শিবিরের প্রতি অভিষেকের কড়া বার্তা বলেই মনে করছেন।