আমতলায় ভাঙচুর, সুকান্তর নিশানায় অভিষেক!
শনিবার আমতলায় তৃণমূলের নেতার পার্টি অফিস ভাঙা, ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ বিতর্ক এবং রাজারহাটে বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি দাবি করেন, রাজ্যে এখন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, তাই কোনো বেআইনি নির্মাণ বজায় রাখা সম্ভব নয়। এছাড়া, লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করা ও জমি দখলের মতো অনৈতিক কাজ হয়েছে বলে অভিযোগ তুলে তিনি দোষীদের শাস্তির দাবি জানান।
তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে থাকা বিপুল অর্থের উৎস নিয়ে সুকান্ত মজুমদার পূর্ণাঙ্গ তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি তুলেছেন। রাজারহাটের নারায়ণপুরে বিস্ফোরণের ঘটনায় পুলিশের পাশাপাশি প্রয়োজনে এনআইএ (NIA) তদন্তের পক্ষেও সওয়াল করেছেন তিনি। একইসঙ্গে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে ভারতীয় ন্যায় সংহিতায় যে পরিবর্তন আনা হয়েছে, তা সাধারণ মানুষের সুবিধার্থেই করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।