ভিডিওয় যাদের মুখ আছে, কেউ বাঁচবে না! আমতলায় অফিস ভাঙতেই চরম হুঁশিয়ারি অভিষেকের
শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার আমতলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দিল জেলা প্রশাসন। ‘বেআইনি নির্মাণ’-এর অভিযোগে বিশাল পুলিশবাহিনী নিয়ে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। প্রশাসনের দাবি, বিতর্কিত জমিটি ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ কোম্পানির নামে রয়েছে, যার নথিতে অভিষেকের বাবার নাম যুক্ত। এই নির্মাণ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরপর দুটি নোটিস পাঠানো হলেও কোনো সদুত্তর না মেলায় প্রশাসন এই পদক্ষেপ গ্রহণ করেছে।
নিজের কার্যালয় ভেঙে ফেলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, উচ্ছেদের সময় বিজেপি নেতারা সেখানে তাণ্ডব চালিয়েছেন। ভিডিও ফুটেজ দেখে সংশ্লিষ্টদের রেয়াত করা হবে না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। সেই সঙ্গে তিনি ঘোষণা করেন, ভবিষ্যতে রাজ্যে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হলে একইভাবে বিজেপির পার্টি অফিসগুলোও ভেঙে ফেলা হবে। এই উচ্ছেদকে ‘বেআইনি’ আখ্যা দিয়ে অভিষেক জানিয়েছেন, প্রশাসনের তরফে কোনো নোটিসের প্রতিলিপি দেওয়া হয়নি। বিষয়টির সুরাহা করতে তৃণমূল প্রয়োজনে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে।