লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি রাজপুত্রের মর্মান্তিক মৃত্যু, কারণ কি মাদক আর মদের মারণ মিশ্রণ!
লন্ডনের কেনসিংটনের একটি পাঁচতারা হোটেল থেকে ২৯ বছর বয়সী সৌদি রাজপুত্র আবদুল্লাহ বিন ফাহাদ বিন আবদুল্লাহ বিন আবদুলআজিজ বিন জালাউই আল সউদের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। গত ১৯ নভেম্বর ম্যারিয়ট হোটেলে এক সপ্তাহের জন্য উঠেছিলেন তিনি। ২৫ নভেম্বর সিসিটিভি ফুটেজে তাঁকে দেখা যাওয়ার পরদিন সকালে হোটেলের বাথরুমে তাঁর দেহ পাওয়া যায়। সৌদি রাজপরিবারের পক্ষ থেকে এই মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং রিয়াদে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
ময়নাতদন্ত ও টক্সিকোলজি রিপোর্টের তথ্যানুযায়ী, প্রিন্স আবদুল্লাহর রক্তে আইনি সীমার চেয়ে তিন গুণ বেশি অ্যালকোহল এবং ‘জিএইচবি’ (GHB), মারিজুয়ানা, জ্যান্যাক্সসহ একাধিক অ্যান্টি-অ্যাংজাইটি ওষুধের সংমিশ্রণ পাওয়া গেছে। চিকিৎসকদের মতে, মাদকের এই বিষাক্ত ‘ককটেল’ শরীরে প্রবেশের ফলে তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। দীর্ঘ দিন নেশামুক্তি কেন্দ্রের তত্ত্বাবধানে থাকার পর ডিটক্স প্রক্রিয়া সম্পন্ন করলেও শেষ পর্যন্ত পুরোনো আসক্তির কারণে তাঁর মৃত্যু হলো বলে প্রতীয়মান হয়। ওয়েস্ট লন্ডন কর্নার্স কোর্ট তদন্ত শেষে একে আত্মহত্যার ঘটনা নয় বরং ‘দুর্ঘটনাজনিত মৃত্যু’ হিসেবে রায় দিয়েছে।