ব্যাঙ্ক অফ বরোদার ১ টেরাবাইট গোপন তথ্য এখন ডার্ক ওয়েবে!
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অফ বরোদার সিস্টেমে সাইবার হামলার মাধ্যমে প্রায় এক টেরাবাইট সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার দাবি উঠেছে। অভিযোগ, ব্যাঙ্কের সুরক্ষাবলয়ে হানা দিয়ে জালিয়াতরা ডার্ক ওয়েবে গ্রাহকদের ব্যক্তিগত ও কর্পোরেট ব্যাঙ্কিং সংক্রান্ত বিশদ তথ্য আপলোড করে দিয়েছে। গত ২৫ জুলাই ‘র্যানসমঅয়্যার ডট লাইভ’ ওয়েবসাইট প্রথম এই তথ্য ফাঁসের বিষয়টি শনাক্ত করে। এরপর সফটওয়্যার ইঞ্জিনিয়ার শ্রীকান্ত লক্ষ্মণন এক্স হ্যান্ডলে নথির লিঙ্ক শেয়ার করলে বিষয়টি প্রকাশ্যে আসে। ফাঁস হওয়া তথ্যের মধ্যে সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টের রেকর্ড, ঋণের নথি, নেটব্যাঙ্কিং তথ্য, অডিট রিপোর্ট এবং ভিজিল্যান্স তদন্তের ফাইলের মতো সংবেদনশীল বিষয়ের উপস্থিতি পাওয়া গেছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাঙ্ক অফ বরোদা কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো কর্মীর ইমেল হ্যাকিংয়ের মাধ্যমে এই অননুমোদিত তথ্য ফাঁস হয়েছে। তবে ব্যাঙ্কের কোর ব্যাঙ্কিং সিস্টেম সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে বলে দাবি করা হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যে ফরেনসিক তদন্ত শুরু করেছে ব্যাঙ্ক। সাইবার হামলার নেপথ্যে কারা রয়েছে তা এখনো নিশ্চিত নয়, তবে বিশেষজ্ঞ শ্রীকান্ত লক্ষ্মণনের ধারণা, এটি ‘ট্রিপলএক্স’ নামক কোনো হ্যাকার গোষ্ঠীর কাজ হতে পারে। সংশ্লিষ্ট মহলে এ নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।