পেপার লিক বিল ২০২৬, বিরোধীদের ৯৩টি সংশোধনী নিয়ে আজ উত্তাল লোকসভা!

দেশজুড়ে চলমান ছাত্র বিক্ষোভ ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে সৃষ্ট দীর্ঘ সংসদীয় অচলাবস্থা কাটতে চলেছে। সরকারের উত্থাপিত ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) বিল, ২০২৬’-এর ওপর আজ মঙ্গলবার লোকসভায় ৬ ঘণ্টার বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে। সোমবার রাতে সরকার ও বিরোধী দলের মধ্যে সমঝোতার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিরোধীদের পক্ষ থেকে বিলটিতে মোট ৯৩টি সংশোধনী প্রস্তাব জমা দেওয়া হয়েছে। দুপুর ২টা থেকে শুরু হতে যাওয়া এই বিতর্কে কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রসহ বিরোধী জোটের শীর্ষ নেতারা এবং শাসক দলের বাংসুরি স্বরাজ ও অনুরাগ ঠাকুরের মতো সাংসদরা বক্তব্য রাখবেন।

বিলটিকে আরও কঠোর ও যুগোপযোগী করতে বিরোধী সাংসদরা একাধিক জোরালো প্রস্তাব পেশ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের ব্যাংক অ্যাকাউন্টসহ সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং দোষীদের আজীবন সরকারি চাকরি থেকে নিষিদ্ধ করা। এছাড়া, ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের আর্থিক ক্ষতিপূরণ, পরীক্ষার ফি ফেরত এবং বয়সের সীমায় ছাড় দেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি, ১ হাজার বা তার বেশি পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হলে অবসরপ্রাপ্ত হাইকোর্ট বিচারপতির অধীনে তদন্ত ও ৬০ দিনের মধ্যে পুনঃপরীক্ষা আয়োজন এবং পুরো প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের তত্ত্বাবধান বা সিবিআই তদন্তের দাবিও উত্থাপন করেছেন বিরোধী সাংসদরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *