প্রধানমন্ত্রীর সেলফি ভিডিওতে ফেসবুকের নিষেধাজ্ঞা, ভারতে ব্লক হতেই চাঞ্চল্য!
নিট (NEET) আন্দোলন চলাকালীন সরাসরি বার্তা পৌঁছাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম ‘সেলফি ভিডিও’ পোস্ট করার পর তা সাময়িকভাবে ব্লক করে দিয়েছিল ফেসবুকের মূল সংস্থা ‘মেটা’। মঙ্গলবার রাত ১টা ২৫ মিনিট নাগাদ ভিডিওটি ভারতের ব্যবহারকারীদের জন্য দেখা যাচ্ছিল না। ভিডিওটিতে ক্লিক করলে মেটার পক্ষ থেকে জানানো হয় যে, একটি আইনি অনুরোধের প্রেক্ষিতে ভারতের ইউজারদের জন্য কন্টেন্টটির অ্যাক্সেস সাময়িকভাবে সীমিত করা হয়েছে। তবে কোন আইনি ধারায় বা কার অনুরোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা মেটার তরফে স্পষ্ট করা হয়নি।
সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় ও ভাইরাল হওয়া এই ভিডিওটি ব্লক হওয়ার পর রাজনৈতিক ও প্রযুক্তি মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। যদিও এই নিষেধাজ্ঞা দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ফেসবুক কর্তৃপক্ষ সেই বিধিনিষেধ তুলে নেয়। বর্তমানে ভিডিওটি ভারতে নির্বিঘ্নে দেখা যাচ্ছে। তবে ঠিক কী কারণে ভিডিওটি ব্লক করা হয়েছিল এবং কেন দ্রুত তা প্রত্যাহার করা হলো, সে বিষয়ে মেটার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।