আন্দোলনকারীদের বড় জয়, সব ধৃতদের জামিন দিল আদালত!
নিট প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে ধৃত ১৬ বাম ছাত্রনেতার জামিন মঞ্জুর
কলকাতা: নিট (NEET-UG) প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে গত ২৪ জুলাই কলকাতার ধর্মতলায় বাম ছাত্র সংগঠনগুলির মিছিলে অশান্তির অভিযোগে গ্রেফতার হওয়া ১৬ জন আন্দোলনকারীকেই জামিন দিয়েছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আদালত মাত্র ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁদের জামিন মঞ্জুর করেছে।
মঙ্গলবার ধৃতদের আদালতে পেশ করা হলে সরকারি আইনজীবীরা জামিনের বিরোধিতা করে জেল হেফাজতের আবেদন জানান। তবে শুনানিতে ধৃতদের আইনজীবীরা সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বার্তার প্রসঙ্গ উল্লেখ করে জানান, বিক্ষোভের ঘটনায় কড়া পদক্ষেপ না নেওয়ার নির্দেশ রয়েছে আদালতের। এছাড়া পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধমূলক কোনো রেকর্ড বা সুনির্দিষ্ট প্রমাণ পেশ করতে না পারার প্রেক্ষাপটে বিচারক ১৬ জনকেই জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। গত ২৪ জুলাই শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় এই ১৬ জনকে গ্রেফতার করেছিল পুলিশ।