দ্বিতীয় বিয়ে করলেই রেহাই নেই, খোরপোশ দিতেই হবে প্রতারিত স্ত্রীকে!
প্রথম বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয়বার বিয়ে করলে প্রতারক স্বামী খোরপোশ দেওয়া থেকে রেহাই পাবেন না বলে মন্তব্য করেছেন এলাহাবাদ হাইকোর্ট। এক ল্যান্ডমার্ক রায়ে আদালত জানিয়েছে, সিআরপিসির (CrPC) ১২৫ নম্বর ধারা অনুযায়ী, যেসব নারী স্বামীর পূর্বের বিয়ের কথা না জেনে দাম্পত্য সম্পর্কে জড়িয়েছেন, তারা খোরপোশ পাওয়ার সম্পূর্ণ অধিকারী। এমনকি প্রথম বিয়ে থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে আইনত অবৈধ হলেও, এই আইনি সুরক্ষা দ্বিতীয় স্ত্রীর ক্ষেত্রে কার্যকর হবে।
ঘটনার বিবরণে জানা যায়, ২০১৬ সালে মথুরার মনোজ কুমারের সাথে মনিকা নামক এক নারীর বিয়ে হয়। বিয়ের পর মনিকা জানতে পারেন যে, মনোজের প্রথম বিয়ে বহাল থাকা অবস্থায় তাকে প্রতারণা করে বিয়ে করা হয়েছে। এর প্রেক্ষিতে পারিবারিক আদালত মনিকাকে মাসে ৬,০০০ টাকা খোরপোশ দেওয়ার নির্দেশ দেয়। এই আদেশের বিরুদ্ধে স্বামী হাইকোর্টে আপিল করে দাবি করেন যে, দ্বিতীয় বিয়ে অবৈধ হওয়ায় তিনি খোরপোশ দিতে বাধ্য নন। তবে বিচারপতি গরিমা প্রসাদ স্বামীর সেই যুক্তি খারিজ করে দিয়ে মনিকার খোরপোশের পরিমাণ পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন।