১ আগস্ট থেকে বদলাচ্ছে মিড-ডে মিল, খুদে পড়ুয়াদের পাতে এবার থাকছে ডিম!
রাজ্যজুড়ে মিড-ডে মিল সংক্রান্ত বিতর্কের অবসান ঘটিয়ে ওড়িশা মডেল অনুসরণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ইসকনের সরবরাহ করা নিরামিষ খাবারের পাশাপাশি পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে আলাদা করে ডিমের ব্যবস্থা করা হবে। আগামী ১ আগস্ট থেকে কলকাতার স্কুলগুলোতে পাইলট প্রজেক্ট হিসেবে এই নতুন ব্যবস্থায় খাবার প্রদানের আনুষ্ঠানিক সূচনা হবে।
খাদ্যের গুণগত মান ও পুষ্টির ওপর সর্বাধিক গুরুত্বারোপ করে সরকার একদিকে যেমন ইসকনের শুদ্ধ আহার সরবরাহ নিশ্চিত করছে, অন্যদিকে আর্থিক বৈষম্য দূর করতে প্রাথমিকে মিড-ডে মিলের বরাদ্দ ৬ টাকা ৭৮ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে। ওড়িশা ঘুরে আসা রাজ্য সরকারের প্রতিনিধি দলের সুপারিশের ভিত্তিতেই এই সমন্বিত পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মাধ্যমে ইসকনের সাত্ত্বিক খাবারের সঙ্গে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ডিম সরবরাহ নিশ্চিত করা হবে।