স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই ছাত্রদের ওপর গুলি! রাহুলের বিস্ফোরক মন্তব্যে উত্তাল লোকসভা
লোকসভার অধিবেশনে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর এক বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে তীব্র হট্টগোল ও অচলাবস্থা তৈরি হয়েছে। রাহুল গান্ধী অভিযোগ করেন যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সংসদের মুখোমুখি হওয়ার সাহস নেই এবং তাঁর নির্দেশেই ছাত্র আন্দোলনকারীদের ওপর পুলিশ গুলি চালিয়েছে। এই বক্তব্যের পরই শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয় এবং লোকসভার পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।
রাহুল গান্ধীর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আনা এসব অভিযোগ ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন; তিনি অবিলম্বে এসব দাবির সপক্ষে প্রমাণ পেশ করার চ্যালেঞ্জ জানান। এদিকে লোকসভার স্পিকার ওম বিড়লা মন্তব্য করেন যে, প্রমাণ ছাড়া এ ধরনের বক্তব্য রেকর্ডে রাখা হবে না। শাসক দলের সদস্যদের প্রতিবাদ ও বিরোধী দলের স্লোগানবাজিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্পিকার অধিবেশন দুপুর আড়াইটা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন।