মাত্র ২৫ দিনে টাকা দ্বিগুণ? মালদহে ১০০ কোটির প্রতারণায় ধৃত আবগারি অফিসার!

বার্তা ডেস্কঃ

মালদহে ‘টাকা দ্বিগুণ’ করার প্রলোভন দেখিয়ে প্রায় ১০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তোলপাড়। এই প্রতারণা চক্রের মূল হোতা হিসেবে উঠে এসেছে আবগারি দফতরের ডেপুটি এক্সাইজ কালেক্টর শুভদীপ ঘোষ এবং তাঁর সহযোগী অগ্নি মিত্রের নাম। অভিযোগ, সরকারি অফিসের আড়ালে বসেই চলত এই প্রতারণার কারবার। মালদহের মঙ্গলবাড়িতে অবস্থিত আবগারি দফতরের কার্যালয় থেকেই সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা সংগ্রহ করেছিলেন অভিযুক্তরা। প্রলোভন ছিল টাকা দ্বিগুণ করে দেওয়ার, কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় চরম প্রতারণার শিকার হন বহু মানুষ। তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই ৪৭ জন ভুক্তভোগীর সন্ধান পেয়েছে।

ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের হতেই গা ঢাকা দেন অভিযুক্তরা। দীর্ঘ তল্লাশির পর অবশেষে সোদপুর থেকে তাঁদের গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ। শুক্রবার ধৃতদের মালদহ জেলা আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আত্মসাৎ করা বিশাল অঙ্কের টাকার হদিস এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে ধৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ চালানো হবে। সরকারি দপ্তরের আড়ালে চলা এই অভিনব প্রতারণা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *