রাজ্যে প্রথমবার ‘কৌশল মহোৎসব’, মিলবে ৭ হাজার চাকরির সুবর্ণ সুযোগ!

বার্তা ডেস্কঃ

দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে রাজ্যে প্রথমবারের মতো আয়োজিত হতে চলেছে ‘কৌশল মহোৎসব’। বালুরঘাট স্টেডিয়ামে এই বিশেষ মেলাটির আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের সহায়তায় এবং বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের উদ্যোগে আয়োজিত এই মেলায় উইপ্রো, টাটা গ্রুপ এবং অ্যাক্সিস ব্যাংকের মতো ৫০টিরও বেশি নামীদামি সংস্থাসহ মোট ১০০টি বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলা প্রাঙ্গণে উপস্থিত থেকে জেলার সকল যোগ্য ও আগ্রহী চাকরিপ্রার্থীদের সাক্ষাৎকার এবং দক্ষতা যাচাইয়ের মাধ্যমে সরাসরি কর্মী নিয়োগ করা হবে। মেলা শুরু হওয়ার আগে সোমবার জেলাশাসক বালা সুভ্রমণিয়াম টি নিজে উপস্থিত থেকে শেষ মুহূর্তের সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখেন।

এই সুবিশাল মেলাকে কেন্দ্র করে স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার শিক্ষিত বেকার যুবক-যুবতীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নামী সংস্থাগুলি এই মেলার মাধ্যমে প্রায় ৭ হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করবে। এর আগে দেশের বিভিন্ন রাজ্যের ১০টি স্থানে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলেও বাংলায় এটি প্রথম। প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সংক্রান্ত দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিয়ে যেতে এবং বালুরঘাটসহ গোটা পশ্চিমবঙ্গের বেকার যুবকদের স্বাবলম্বী করে তুলতে এই আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মত উদ্যোক্তাদের। রাজ্যজুড়ে অসংখ্য চাকরিপ্রার্থী এই সুবর্ণ সুযোগের সুবিধা নিতে মেলায় উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *