একে ৪৭ উঁচিয়ে আন্দোলন দমনে পুলিশ, বিহারে রাজভবন অভিযানে আটক তেজস্বী!

বার্তা ডেস্কঃ

নিট প্রশ্নফাঁস কাণ্ডে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি দমন-পীড়নের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠল বিহারের রাজনৈতিক পরিস্থিতি। লালুপ্রসাদ যাদবের দল আরজেডির পক্ষ থেকে রাজভবন অভিযানের ডাক দেওয়া হলে মিছিল ঘিরে পাটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। জেপি গোলম্বর থেকে লোক ভবনের দিকে যাওয়া এই মিছিলে পুলিশ বাধা সৃষ্টি করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ব্যবহার করে। এই ঘটনার জল বহুদূর গড়ায়, যখন আন্দোলনকারীদের দিকে একে-৪৭ উঁচিয়ে তেড়ে যাওয়া এক পুলিশকর্মীর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সুর চড়ান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ইতোমধ্যে অভিযুক্ত কনস্টেবল এবং সংশ্লিষ্ট থানার পুলিশ সুপারিটেন্ডেন্ট পুরাণকুমার ঝাকে বরখাস্ত করা হয়েছে।

পাটনার ইনকাম ট্যাক্স দপ্তরের সামনে আরজেডির মিছিলে বাধার মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা তেজস্বী যাদব। সে সময় তাকে আটক করে পুলিশ ভ্যানে তোলা হলে তিনি মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর অবিচারের অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, ন্যায়বিচারের দাবি জানানো প্রতিবাদীদের দমনে সরকার একে-৪৭ ব্যবহার করছে। পাটনার এসএসপি কার্তিকেয় কে শর্মা জানান, আটক করার ঘণ্টাখানেক পর আরজেডি সদর দপ্তরের কাছে তেজস্বী যাদবকে ছেড়ে দেওয়া হয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনা বজায় রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *