অনলাইনে খাবার অর্ডার করতে গিয়ে পকেট ফাঁকা! জ্যোমাটোর বিলে কি বড় চমক আসছে?
বার্তা ডেস্কঃ
অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জ্যোমাটো থেকে খাবার অর্ডার করার খরচ এক ধাক্কায় ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। পরিবেশ সুরক্ষার স্বার্থে প্লাস্টিকের প্যাকেজিং বাদ দিয়ে পরিবেশবান্ধব ও বায়োডিগ্রেডেবল উপকরণের ব্যবহার শুরু করার পরিকল্পনার কারণেই এই মূল্যবৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। দ্য হিন্দু-কে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যোমাটোর চিফ সাসটেইনেবিলিটি অফিসার অঞ্জলি রবি কুমার জানান, ব্যাগেজ, অ্যালুমিনিয়াম, কাগজ বা মাটির পাত্রের মতো পরিবেশবান্ধব বিকল্পের উৎপাদন খরচ অনেক বেশি। বর্তমানে প্যাকেজিং বাবদ খরচের প্রায় ৫ শতাংশ গ্রাহকদের দিতে হলেও, নতুন নিয়মে ৫০০ টাকার খাবারের জন্য ৫৫০ থেকে ৬৫০ টাকা পর্যন্ত খসতে পারে পকেট থেকে।
সংস্থার মতে, প্লাস্টিকের দূষণ কমাতে পরিবেশবান্ধব প্যাকেজিং অত্যন্ত জরুরি হলেও, এর বাড়তি আর্থিক বোঝা শেষ পর্যন্ত গ্রাহকদের ওপরই এসে পড়বে। তবে একবারে অতিরিক্ত দাম বাড়ালে গ্রাহকদের মধ্যে অসন্তোষ তৈরি হতে পারে, তাই জ্যোমাটো বিভিন্ন প্যাকেজিং স্টার্টআপ ও রেস্তোরাঁগুলির সঙ্গে হাত মিলিয়ে কম খরচে টেকসই প্যাকেজিং তৈরির চেষ্টা চালাচ্ছে। উৎপাদন বাড়লে ভবিষ্যতে এই উপকরণের দাম কিছুটা কমতে পারে, তবে তা বেশ সময়সাপেক্ষ। পরিস্থিতি সামাল দিতে আপাতত নিজেদের অ্যাপে ‘লো প্লাস্টিক প্যাকিং ফিল্টার’ যুক্ত করেছে সংস্থাটি, যাতে সচেতন গ্রাহকরা কম প্লাস্টিক ব্যবহারকারী রেস্তোরাঁ সহজেই খুঁজে নিতে পারেন।