অন্নপূর্ণা যোজনায় বড় ধাক্কা, কাদের ভাতা বন্ধ হতে পারে আগামী মাসে?
বার্তা ডেস্কঃ
চলতি মাসের ১৭ অগাস্ট থেকে রাজ্যের যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ঢোকা শুরু হয়েছে, যা চলবে ২১ অগাস্ট পর্যন্ত। তবে এই মাসে ভাতার টাকা পেলেও আগামী মাসে সবাই সেই সুবিধা পাবেন কি না, তা নিয়ে বড়সড় বার্তা দিয়েছেন নারী ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী মালতি রাভা রায়। রাজ্য সরকারের ১০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানান যে, প্রকল্পের এনকোয়ারি বা তদন্ত প্রক্রিয়া এখনো শেষ হয়নি। প্রায় ৫৬ লক্ষ আবেদনকারীর নাম যাচাইকরণের কাজ চলছে। এই এনকোয়ারি সম্পূর্ণ শেষ হওয়ার পর সম্পূর্ণ পোর্টালটি নতুন করে খুলে দেওয়া হবে।
সরকারের তরফে সাফ জানানো হয়েছে যে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শর্ত মেনে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছিলেন, যা পুনরুচ্চারণ করে মন্ত্রী জানান যে পরবর্তী তদন্তে যদি কোনো মহিলা অযোগ্য হিসেবে প্রমাণিত হন, তবে অন্নপূর্ণা ভাণ্ডারের তালিকা থেকে অবিলম্বে তাঁর নাম বাতিল করা হবে। প্রথম দফায় জুন মাসে ২৮ লক্ষ এবং জুলাইয়ে ১ কোটি ১৯ লক্ষ মহিলাকে ভাতা দেওয়া হলেও, এবার ১ কোটি ৪৫ লক্ষ সুবিধাভোগী উপযুক্ত বিবেচিত হয়েছেন। তবে ব্যাংকের সমস্যা বা ভুল আবেদনপত্রের কারণে যাঁদের টাকা আটকাবে, যোগ্যতা প্রমাণ হলে সকলেই এই প্রকল্পের সুবিধা পাবেন।