পাকিস্তানি গুপ্তচরের জালে রিষড়ার বাসিন্দা, এসটিএফের অভিযানে পর্দাফাঁস!
বার্তা ডেস্কঃ
পাকিস্তানি গুপ্তচর রানা রউফকে আশ্রয় ও সহায়তা দেওয়ার গুরুতর অভিযোগে হুগলির রিষড়ার সন্ধ্যাবাজার থেকে জাফর শামস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। তদন্তকারীদের মতে, রানা ভারতীয় সেনার গুরুত্বপূর্ণ সামরিক পরিকাঠামোর সংবেদনশীল তথ্য সংগ্রহ করছিল। জাফর রানাকে স্থানীয়দের কাছে নিজের বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল এবং হাওড়ার সালকিয়ার একটি কারখানায় তার কাজের ব্যবস্থাও করে দিয়েছিল।
ধৃতকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই পাক নেটওয়ার্কের শিকড় কতটা গভীর, তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। রানা সংগৃহীত তথ্য পাকিস্তানে পাচার করেছিল কি না এবং এই চক্রে আরও কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে এসটিএফ। দীর্ঘ দিন ধরে স্থানীয় এলাকায় রানা কীভাবে নিজের ভিত্তি শক্ত করেছিল এবং তাতে জাফরের ভূমিকা শুধুই কাজ পাইয়ে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল নাকি এর পেছনে বড় কোনো চক্রান্ত রয়েছে, তা উদ্ঘাটনে মরিয়া পুলিশ।