স্ত্রী ও বোনকে গুলি করে এসবিআই কর্মীর আত্মঘাতী হওয়ার নেপথ্যে কী?

বার্তা ডেস্কঃ

লখনউ: বৈবাহিক কলহ ও বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে ঘটে গেল মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনা। উত্তরপ্রদেশের লখনউয়ের গোমতীনগর এলাকায় নিজের স্ত্রীকে প্রকাশ্য রাস্তায় গুলি করার পর বাড়িতে গিয়ে নিজের ছোট বোনকে হত্যা করে আত্মহত্যা করলেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) এক কর্মী।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ৩৮ বছর বয়সী মানস বাজপেয়ীর সঙ্গে তাঁর স্ত্রী দিব্যা মিশ্রার দীর্ঘ দিন ধরে অশান্তি চলছিল। গত এক বছরেরও বেশি সময় ধরে তাঁরা আলাদা থাকছিলেন এবং আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের রিলেশনশিপ ম্যানেজার দিব্যা ডিভোর্সের মামলাও দায়ের করেছিলেন। ১২ বছরের বিবাহিত জীবনে টানাপোড়েনের জেরে ক্ষুব্ধ মানস বৃহস্পতিবার দুপুরে স্ত্রীর ব্যাঙ্কে গিয়ে তাঁকে বাইরে ডেকে পাঠান। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে পকেট থেকে পিস্তল বের করে দিব্যাকে লক্ষ্য করে গুলি চালান তিনি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

স্ত্রীকে গুলি করার পর মানস সোজা নিজের বাড়িতে যান এবং সেখানে নিজের বোনকেও গুলি করে হত্যা করেন। এরপর তিনি নিজেই নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। চরম পদক্ষেপ নেওয়ার আগে মানস তাঁর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে লেখেন, “আমাকে ঠকাচ্ছিল, তাই স্ত্রীকে মেরে ফেলেছি।”

পুলিশ দু’টি পৃথক স্থান থেকে মোট তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। ওই অস্ত্রগুলি অভিযুক্তের কাছে কীভাবে এলো, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে সম্পর্কের টানাপোড়েনকেই খুনের মূল কারণ বলে মনে করা হলেও, হোয়াটসঅ্যাপের পোস্টটির সত্যতা যাচাই করে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *