শেয়ার বাজারে ৯১ হাজার কোটি লোপাট, আড়ালে কি বড় কোনো খেলা?
বার্তা ডেস্কঃ
শেয়ার বাজারে দ্রুত ধনকুবের হওয়ার আশায় পা বাড়িয়ে চরম বিপদের মুখে পড়ছেন দেশের কোটি কোটি সাধারণ বিনিয়োগকারী। সম্প্রতি বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি (SEBI)-র প্রকাশিত এক চাঞ্চল্যকর সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে এই আশঙ্কাজনক তথ্য। প্রতিবেদনে প্রকাশ, ২০২৫-২৬ অর্থবর্ষে ডেরিভেটিভস অর্থাৎ ফিউচার অ্যান্ড অপশন্স (F&O) সেগমেন্টে লেনদেন করা প্রায় ৯০ শতাংশ খুচরো লগ্নিকারীই ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। এই নির্দিষ্ট সময়ে তাঁদের সর্বমোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯১,৬৮৫ কোটি টাকা। লগ্নিকারীর সংখ্যা কিছুটা কমলেও মাথাপিছু গড় ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে প্রায় ১.১৭ লক্ষ টাকা। মূলত প্রযুক্তিগত আসামতা এবং অপশনস ট্রেডিংয়ের অনভিজ্ঞতাই সাধারণ মানুষের এই বিপুল পরিমাণ আর্থিক বিপর্যয়ের মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।
প্রতিবেদন অনুসারে, সাধারণ লগ্নিকারীরা যখন নিজেদের সর্বস্ব খোয়াচ্ছেন, ঠিক তখনই অত্যাধুনিক অ্যালগরিদম ও কম্পিউটার-চালিত প্রযুক্তির জোরে বিদেশি সংস্থা ও প্রপ্রাইটরি ট্রেডাররা বাজার থেকে তুলে নিয়েছেন হাজার হাজার কোটি টাকার বিশাল মুনাফা। এছাড়া ব্রোকারেজ, সংবিধিবদ্ধ শুল্ক এবং সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স বা এসটিটি (STT) বাবদ বিপুল পরিমাণ লেনদেন খরচ বহনের ফলেও সর্বস্বান্ত হচ্ছেন সাধারণ ট্রেডাররা। শুধু গত অর্থবর্ষেই এই বাবদ লগ্নিকারীদের পকেট থেকে বের হয়েছে প্রায় ২৫,০০০ কোটি টাকা। শেয়ার বাজারের মতো অনিশ্চিত ও উচ্চ ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কারিগরি সক্ষমতা ও পুঁজির সাথে টেক্কা দিতে গিয়ে সাধারণ মানুষের হার প্রায় নিশ্চিত হয়ে দাঁড়িয়েছে, যা পুনরায় সেবির এই সমীক্ষার ফলাফলে স্পষ্ট প্রতীয়মান হলো।