কলকাতার হোটেলে পেঁয়াজের আকাল, লজ্জা পেতে নারাজ মালিক!
বার্তা ডেস্কঃ
কলকাতায় পেঁয়াজের আকাশছোঁয়া দামে এখন আমজনতা থেকে হোটেল মালিক—সবারই পকেটে টান। মাত্র কয়েক দিন আগেও যে পেঁয়াজ ৩০ টাকা কেজি দরে মিলত, তা বর্তমানে ৪৫ থেকে ৭০ টাকায় গিয়ে ঠেকেছে। এর জেরে চরম সমস্যায় পড়েছেন মধ্যবিত্ত ও শহরের পাইস হোটেলগুলো।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, কলকাতার ফড়িয়াপুকুরের একটি ভাতের হোটেলে বাধ্য হয়ে পোস্টার টাঙানো হয়েছে—‘পেঁয়াজ চাহিয়া লজ্জা দিবেন না’। হোটেল মালিকের বক্তব্য, মাছ-মাংস বা তড়কা রান্নায় পেঁয়াজের জোগান দিতেই হিমশিম খেতে হচ্ছে, তার ওপর নিখরচায় খদ্দেরদের কাঁচা পেঁয়াজ দেওয়া আর সম্ভব হচ্ছে না। ফলে খাবারের পাতে এখন পেঁয়াজের জায়গা নিচ্ছে শসা ও গাজর।
শুধু ভাতের হোটেল নয়, চপ-সিঙাড়ার দোকানেও পেঁয়াজ দেওয়া বন্ধ হতে বসেছে। এমনিতেই চিনির দাম প্রায় ৭০ টাকা ছুঁইছুঁই, তার ওপর পেঁয়াজের এই অগ্নিমূল্য বাঙালির রোজকার আহার ও স্বাদে বড়সড় বাধা হয়ে দাঁড়িয়েছে।