কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাসে বড় গলদ, তালিকা ঘিরে তুঙ্গে বিতর্ক!
বার্তা ডেস্কঃ
কলকাতা পুরসভার ২০৯টি ওয়ার্ডের নতুন খসড়া আসন বিন্যাস প্রকাশ পেতেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। মঙ্গলবার পুর ও নগরোন্নয়ন দপ্তরের তরফে এই খসড়া তালিকা প্রকাশ্যে আসার পরই জোরালো আপত্তি জানিয়ে মাঠে নেমেছে সিপিএম। দলের পক্ষ থেকে পুর কমিশনারকে চিঠি পাঠিয়ে ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রক্রিয়া নিয়ে মোট সাতটি গুরুতর প্রশ্ন তোলা হয়েছে।
সিপিএমের প্রধান অভিযোগ, খসড়া প্রস্তাবে ওয়ার্ডগুলির সীমানা নির্ধারণের ক্ষেত্রে উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম দিকের রাস্তার নামগুলি সঠিকভাবে উল্লেখ করা হয়নি। এর ফলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক বিভ্রান্তি তৈরি হচ্ছে। পাশাপাশি, বিকল্প প্রস্তাব জমা দেওয়ার সময়সীমা অত্যন্ত কম বলে দাবি করেছে সিপিএম। রাজনৈতিক দলগুলিকে এই প্রক্রিয়ায় যুক্ত না করা এবং গণশুনানি সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি জারি না করায় ক্ষোভ প্রকাশ করে সময়সীমা অন্তত দশ দিন বাড়ানোর দাবি জানানো হয়েছে।