টোল প্লাজায় কোটি কোটি টাকার সফটওয়্যার দুর্নীতি, ১৪টি জায়গায় ইডি-র মেগা হানা!
বার্তা ডেস্কঃ
ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (NHAI)-এর টোল প্লাজাগুলোতে ভুয়ো রসিদ ও অবৈধ উপায়ে টাকা আত্মসাতের এক বিশাল মানি লন্ডারিং চক্রের সন্ধান পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার লখনউ জোনাল অফিসের নেতৃত্বে এবং প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA)-এর অধীনে কলকাতা, উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, জম্মু, মধ্যপ্রদেশ ও এনসিআর সহ দেশের মোট ১৪টি স্থানে একযোগে এই অভিযান পরিচালিত হয়।
কলকাতার শেক্সপিয়র সরণির একটি আবাসনে অভিযান চালিয়ে কেন্দ্রীয় গোয়েন্দারা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস, কম্পিউটার এবং লেনদেনের নথি বাজেয়াপ্ত করেন। চলতি বছরের শুরুর দিকে দায়ের হওয়া এফআইআর-এর ভিত্তিতেই এই তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সরকারি খাতায় হিসাব না তুলে বেআইনিভাবে টোল আদায় করতে একটি বিশেষ সফটওয়্যার ব্যবহার করা হতো। ফরেনসিক পরীক্ষা এবং এনএইচএআই-এর নথিপত্র বিশ্লেষণ করে এই জালিয়াতির প্রমাণ মেলে। মূল সুবিধাভোগীদের চিহ্নিত করতেই মূলত এই তল্লাশি।
অন্যান্য অভিযানে ইডি: অন্য একটি ঘটনায়, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ভুয়ো নথির সাহায্যে প্রায় ৬ কোটি টাকার ঋণ নিয়ে আত্মসাৎ করার অভিযোগে অক্ষতা মিনারেলস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ইডির বেঙ্গালুরু জোনাল অফিস। জালিয়াতির টাকা বিনিয়োগ করা মিউচুয়াল ফান্ড থেকে প্রায় ৩.৩১ কোটি টাকার অস্থাবর সম্পত্তি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে।