ম্যালেরিয়ার ওষুধে প্রাণ গেল নাবালিকার, অসুস্থ ৫২ জন!
বার্তা ডেস্কঃ
অন্ধ্রপ্রদেশের পোলাভরম জেলার গোলাগুপ্পা গ্রামে ম্যালেরিয়ার ওষুধ খেয়ে এক দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ওষুধ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ৫২ জন গ্রামবাসী। নিহত ছাত্রীর নাম মাধবী যমুনা। ঘটনার পর এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্র সূত্রে জানা গেছে, তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ সীমান্তের কাছে অবস্থিত ওই গ্রামে ৭২ জনের শরীরে ম্যালেরিয়ার জীবাণু মেলে। এরপরই স্থানীয় গ্রামীণ হাসপাতাল থেকে তাঁদের ‘ক্লোরোকুইন’ নামক ম্যালেরিয়া প্রতিরোধক ওষুধ দেওয়া হয়। অভিযোগ, ওষুধ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই একের পর এক গ্রামবাসী অসুস্থ হতে শুরু করেন। তড়িঘড়ি ২৯ জনকে তেলঙ্গানার একটি হাসপাতালে এবং ২৪ জনকে অন্ধ্রপ্রদেশের স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ওই নাবালিকার মৃত্যু হয়। তবে বর্তমানে বাকি অসুস্থদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। জেলাশাসক দীনেশ কুমার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোলাগুপ্পা গ্রামে একটি বিশেষ মেডিকেল ক্যাম্প খোলা হয়েছে। কাকিনাড়া মেডিকেল কলেজসহ বিজয়ওয়াড়া ও রাজামহেন্দ্রভরম থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের টিম গ্রামে পাঠানো হয়েছে। ওই ওষুধ থেকেই এই বিপর্যয় নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।