ডুবে যাওয়ার মুখে দক্ষিণবঙ্গ! ডিভিসির হুঙ্কারে কাঁপছে খনি অঞ্চল

বার্তা ডেস্কঃ

ঝাড়খণ্ডে তৈরি হওয়া নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলছে বিরামহীন বৃষ্টি। যার জেরে হু হু করে বাড়ছে দামোদর নদের জলস্তর এবং ফুঁসছে ডিভিসির জলাধারগুলি। পরিস্থিতি সামাল দিতে মাইথন ও পাঞ্চেত ড্যাম থেকে দফায় দফায় জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। ডিভিসি সূত্র জানিয়েছে, বর্তমানে মাইথন ও পাঞ্চেত ড্যাম মিলিয়ে মোট জল ছাড়ার পরিমাণ দাঁড়িয়েছে গড়ে প্রায় ৫০ হাজার ৭৯৫ কিউসেক। এর পাশাপাশি দুর্গাপুর ব্যারেজ থেকেও রেকর্ড পরিমাণে জল ছাড়া হচ্ছে। এই বিপুল পরিমাণ জল নিম্ন দামোদর অববাহিকায় প্রবেশ করায় সংলগ্ন নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার তীব্র আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যেই টানা বৃষ্টির জেরে আসানসোলের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে এবং জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে।

এদিকে, এই দুর্যোগের মধ্যেই খনি অঞ্চলেও নতুন করে ধস নামায় জনজীবনে চরম আতঙ্ক ছড়িয়েছে। পাণ্ডবেশ্বরের হরিপুর ৭ ও ৯ নম্বর পিট এলাকায় লোকালয়ের একেবারে কাছে মাটি বসে যাওয়ার ফলে এই বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগেও ওই একই জায়গায় ধস নেমেছিল, যা খনি কর্তৃপক্ষের তরফে সঠিকভাবে মেরামত করা হয়নি। ফলস্বরূপ, এবারের টানা বৃষ্টির জেরে ফের মাটি ধসে বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। খনি আবাসনের কাছে এমন ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দুই-ই বাড়ছে। প্রশাসন ও সংশ্লিষ্ট খনি কর্তৃপক্ষ দ্রুত এই বিপজ্জনক জায়গাগুলি মেরামত না করলে আগামী দিনে আরও বড় বিপদের আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *