উৎসবের মরশুমে ফের উত্তপ্ত পাহাড়, গোর্খাল্যান্ডের দাবিতে ফুঁসছে বিচ্ছিন্নতাবাদীরা?
বার্তা ডেস্কঃ
উৎসবের মরশুমের ঠিক আগে ফের অশান্তির আঁচ পাহাড়ে। আগামী ৭ সেপ্টেম্বর দার্জিলিং চৌরাস্তার গোর্খা রঙ্গমঞ্চ ভবনে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে একটি বড় সমাবেশের ডাক দিয়েছে ‘গোর্খাল্যান্ড রাষ্ট্রীয় মঞ্চ’। বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা পাহাড়ের নেতৃবৃন্দ, যেমন আসামের লোকনারায়ণ সুব্বা, দেরাদুনের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ভূপেন্দ্র সিং ছেত্রী ও অরুণাচলের সনু তামাংয়ের নেতৃত্বে এই কর্মসূচি আয়োজিত হচ্ছে। এর আগেও চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শালবাড়িতে সভা করে একই দাবি তুলেছিল এই মঞ্চ।
এদিকে, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উদ্যোগে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান ও উন্নয়নের জন্য বিশেষ উচ্চপর্যায়ের বৈঠক ও কমিটি গঠিত হয়েছে। এমন এক ইতিবাচক পরিস্থিতির মাঝে হঠাৎ করে এই বিচ্ছিন্নতাবাদী তৎপরতা শুরু হওয়ায় পাহাড়ের সামগ্রিক রাজনৈতিক সমীকরণ নিয়ে প্রশ্ন উঠেছে। মঞ্চের পক্ষ থেকে বারবার বঞ্চনার অভিযোগ তোলা হলেও, স্থানীয় একাধিক রাজনৈতিক নেতা কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের ওপর আস্থা রেখে এই ধরনের সমাবেশের যৌক্তিকতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।