কলমের আঁচড়ে রাষ্ট্রদ্রোহ! অগ্নিযুগের মিমি-আবিরের সেই দাপুটে ঝলক
বার্তা ডেস্কঃ
September 4, 202610:33 am
সাহিত্যের পাতা থেকে বড়পর্দায় কলম বনাম তলোয়ারের লড়াই নিয়ে ছাব্বিশ সালের পুজোর পর্দায় আসছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। বৃহস্পতিবার প্রকাশিত ছবির টিজারে উঠে এসেছে ব্রিটিশ আমলের এমন এক উত্তাল সময়, যেখানে সাহিত্য, রাজনীতি এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা একসূত্রে বাঁধা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘পথের দাবী’-র শতবর্ষের প্রাক্কালে তৈরি এই ছবি ফিরে দেখছে বাংলা সাহিত্যের সেই অধ্যায়কে, যা প্রকাশের পরেই ব্রিটিশ শাসকদের উদ্বেগের কারণ হয়ে উঠেছিল। ছবির টিজারের শুরুতেই টোটা রায়চৌধুরীকে দেখা গেছে শরৎচন্দ্রের বেশে, অন্যদিকে বন্দুকধারী ‘সব্যসাচী’র চরিত্রে নজর কেড়েছেন আবির চট্টোপাধ্যায় এবং বিশেষ ভূমিকায় রয়েছেন মিমি চক্রবর্তী।
বাস্তব এবং সাহিত্যের দুই পরিসরে ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের গল্প বলা এই ছবিতে শরৎচন্দ্র ও সব্যসাচী ছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মতো ঐতিহাসিক ব্যক্তিত্বদের দেখা যাবে। প্রদীপ কুমার নন্দী প্রযোজিত এবং নন্দী মুভিজ-এর ব্যানারে নির্মিত এই ছবিটিতে অভিনয় করেছেন দিব্যাণী মণ্ডল, কৌশানী মুখোপাধ্যায় ও কাঞ্চন মল্লিক সহ একঝাঁক তারকা। বিশেষ আকর্ষণের বিষয় হলো, এই ছবির মাধ্যমেই পরিচালক সৃজিত মুখোপাধ্যায় প্রথমবার মিউজিক কম্পোজার হিসেবে আত্মপ্রকাশ করছেন, যেখানে ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ইন্দ্রনাথ মারিকের চিত্রগ্রহণ এবং সোমনাথ কুণ্ডুর মেকআপ ও রূপটানে সেই অগ্নিযুগের পরিবেশ বিশ্বাসযোগ্যভাবে বড়পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। ব্রিটিশের রক্তচক্ষুকে উপেক্ষা করে চলা বিপ্লবীদের সেই ঐতিহাসিক দ্রোহকাল দেখতে এখন দর্শকদের অপেক্ষা কেবল পুজোর।